
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের আগমন স্পষ্ট হয়ে উঠেছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
উত্তরাঞ্চলের এই সীমান্তবর্তী উপজেলায় প্রতিদিনই তাপমাত্রা কমছে, বাড়ছে শীতের প্রভাব। সন্ধ্যার পর থেকেই বইছে হিমেল হাওয়া, তার সঙ্গে ঘন কুয়াশা মিলিয়ে তৈরি হয়েছে কনকনে শীতের আমেজ।
শীত বাড়ায় স্থানীয় লেপ–তোশক ও গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতার ভিড়। একই সঙ্গে রাস্তার পাশে পিঠার দোকানগুলোতেও চলছে জমজমাট বিক্রি; পিঠার ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে তেঁতুলিয়া শহর।
তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত অসুস্থতা বাড়ায় স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে আগের তুলনায় অনেক বেশি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, “আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল সকাল ৯টায় রেকর্ড হওয়া ১৪ দশমিক ৫ ডিগ্রির চেয়ে ১ দশমিক ৭ ডিগ্রি কম। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। নভেম্বরের শেষের দিকে শীত আরও তীব্র হতে পারে।”