
সৌদি আরব ও কাতার উচ্চগতির রেল যোগাযোগ স্থাপন করছে। রিয়াদ ও দোহা সংযোগকারী এই ট্রেন চলাচলের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর করেছেন সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার হবে। এই গতিতে রিয়াদ থেকে দোহা বা দোহা থেকে রিয়াদ ট্রেনে মাত্র দুই ঘণ্টায় পৌঁছানো সম্ভব হবে। বর্তমানে বিমানপথে একই দূরত্বে যাত্রা করতে লাগে ৯০ মিনিট।
রেল নেটওয়ার্ক স্থাপন ও চালু হতে আনুমানিক ছয় বছর সময় লাগবে। প্রথম পর্যায়ে রিয়াদ-দোহা রুট চালু হবে, পরে আল হোফুফ ও দাম্মাম শহরকেও এতে যুক্ত করা হবে। রেল চালুর পর প্রতিবছর দুই দেশের অন্তত ১০ লাখ যাত্রী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
নতুন এই চুক্তি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে সৌদি ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে। ২০১৭ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিবাদ হয়, তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপন করা হয়। ওই বছর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাতারে প্রথমবার সফর করেন, যা সম্পর্কের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক।