
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের হাতে গণমাধ্যমকর্মীরা লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে স্থান ত্যাগ করেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের সফর উপলক্ষে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সেখানে উপস্থিত সাংবাদিকরা জানান, বিএনপি নেতা হুমায়ুন কবির ভিআইপি গেটে ব্রিফিং দিচ্ছিলেন। এ সময় এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। এক সাংবাদিক তাদের থামতে অনুরোধ করলে এনসিপি নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করেন।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ও অন্যান্য উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
৯ দিনের সফর শেষে বৃহস্পতিবার তারা দেশে ফেরেন।