সেন্টমার্টিন-টেকনাফ স্পিডবোট দুর্ঘটনা, মা-মেয়ের মৃত্যু এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে।

image 9

সাগরপথে সেন্টমার্টিন থেকে টেকনাফ যাওয়ার সময় যাত্রীবাহী স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনা ঘটে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের উত্তরে ঘোলারচরে। নিহতরা হলেন মরিয়ম আক্তার এবং তার শিশুকন্যা মাহিমা আক্তার, যারা সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা। এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার পরিদর্শক আবু জায়েদ মো. নূর। তিনি জানান, উদ্ধার হওয়া দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোস্টগার্ড জানিয়েছে, সকাল ১০টায় সেন্টমার্টিন থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট টেকনাফের উদ্দেশে রওনা হয়। এ সময় আরও একটি স্পিডবোট তাদের সঙ্গে ছিল। দুটি বোট যখন বঙ্গোপসাগরের ঘোলারচরে পৌঁছায়, হঠাৎ ঢেউয়ের আঘাতে একটি স্পিডবোট ডুবে যায়। পরে অপর স্পিডবোটটি জীবিতদের উদ্ধার করে টেকনাফ শাহপরীর দ্বীপে নিয়ে যায়।

স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, স্পিডবোটে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।