
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক, নির্বাচনী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়মতো নেওয়ার নির্দেশ দিয়েছে। মাউশি সতর্ক করেছে, এই নির্দেশ অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি মাধ্যমিক শাখা থেকে সোমবার (১ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর এবং নির্বাচনী পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সেই সঙ্গে, ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাউশি সংশ্লিষ্ট সবাইকে এই পরীক্ষা সঠিক সময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে।
পরিপত্রে আরও সতর্ক করে বলা হয়েছে, পরীক্ষার সময় কোনো শিক্ষক বা কর্মকর্তার শৈথিল্য, অনিয়ম বা অবহেলা ধরা পড়লে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।