বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলের মধ্যে একজন এখনও নিখোঁজ

image 9

বঙ্গোপসাগরের ভাসানচর মোহনায় মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে যায়। এতে থাকা আট জেলের মধ্যে সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন একজন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলের নাম মিজানুর রহমান (৩০)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার হাজিরগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

চরফ্যাশনের শামরাজ মাছঘাট আড়ত মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন জানান, শুক্রবার বিকেলে খোরশেদ মাঝির মালিকানাধীন ট্রলারটি মাছ ধরার জন্য সাগরে যায়। সোমবার রাতে হাতিয়ার ভাসানচর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে মোহনায় পৌঁছালে হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা আট মাঝি-মাল্লার মধ্যে সাতজনকে নিকটবর্তী আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করেন। তবে মিজানুর রহমান এখনও নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সময় ট্রলারটি জাল ও মালামালসহ স্রোতে ভেসে যায়।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তৎপরতা চালানো হচ্ছে।