সাদাপাথরে নৌযান চলাচল বন্ধে উপজেলা প্রশাসনের মাইকিং

image 129

কোম্পানীগঞ্জে বালু ও পাথর লুট ঠেকাতে ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে পর্যটন স্পট সাদাপাথর পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো নৌকা চলাচলে উপজেলা প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ নির্দেশনা প্রচার করা হয়।

নির্দেশনায় জানানো হয়, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটন এলাকায় কেবলমাত্র পর্যটকদের বহনকারী নৌকা চলাচল করতে পারবে। অন্য কোনো নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক নেতার আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে ধলাই সেতুর আশপাশে প্রকাশ্যে বালু লুট চলছিল। এ অনিয়ন্ত্রিত লুটপাট বন্ধ করতেই নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই সেতুর আশপাশ থেকে বালু লুটে জড়িত থাকার অভিযোগে অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়। এরপরই উপজেলা প্রশাসন মাইকিং করে নতুন নির্দেশনা প্রচার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ তার ব্যক্তিগত ফেসবুক পেজে নির্দেশনার ভিডিও শেয়ার করেন। তিনি জানান, এ সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।