
চুয়াডাঙ্গার উথলীতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন—উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার ও হামজা।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে আনোয়ার ও হামজা কৃষিকাজের জন্য গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে যান। এসময় ৮-১০ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা এবং কিছুক্ষণ পর আনোয়ার মারা যান।
এই ঘটনার পর উথলী এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।