
সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, “আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।”
এর আগে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই আজ সকালে তিনি মারা যান।
উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে র্যাব গ্রেফতার করে। পরে নরসিংদীতে একটি হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরও আগে, ২০২৪ সালের ৪ আগস্ট নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এবং পরবর্তীতে তিনি গ্রেফতার হন।