ধানমন্ডি ৩২-এ আবারও উত্তেজনা, পুলিশের ৩ গাড়ি ভাঙচুর

image 250

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেছে। এতে পুলিশের গাড়িতে থাকা কয়েকজন আহত হন। একইভাবে, গাড়ির কাচ ভাঙার সময় কিছু আন্দোলনকারীও আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দিনভর ধানমন্ডি ৩২ ছিল উত্তেজনাপূর্ণ। সকাল থেকেই সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার দাবিতে জমায়েত হন বিক্ষোভকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগমও বাড়তে থাকে। দুপুরে তারা দুটি এস্কেভেটর নিয়ে এগোলেও আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় ভাঙচুর শুরু করতে পারেননি।

এই বাধাকে কেন্দ্র করে দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত শুক্রাবাদ, কলাবাগান ও স্কয়ার হাসপাতালের সামনে দফায় দফায় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও হঠাৎ শুক্রাবাদ এলাকায় আবার উত্তেজনা দেখা দেয়।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুক্রাবাদ পুলিশ বক্সের সামনে বিক্ষোভ চলছিল। এমন সময় পুলিশের একটি বাস ধানমন্ডি ৩২-এর দিকে যাচ্ছিল। বিক্ষোভকারীরা বাসের দিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে বাসের ভেতর থেকে এক পুলিশ সদস্য আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। মুহূর্তেই বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। বাসটি দ্রুত ৩২ নম্বরের দিকে চলে গেলেও সেনাবাহিনীর ব্যারিকেডে এগোতে পারেনি।

এর তিন–চার মিনিট পর ধানমন্ডি ২৭ থেকে পুলিশের আরও দুটি গাড়ি শুক্রাবাদের দিকে আসার চেষ্টা করে। তখন চারদিক থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পুলিশ বাসের সব কাচ ভেঙে যায়, আরেকটি পুলিশ ভ্যানও ভাঙচুরের শিকার হয়।

সন্ধ্যা ৭টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় অগ্রসর হয়। সেখানে পুলিশ রাস্তা আটকে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। আন্দোলনকারীদের পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।