
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর নড়াইল-২ আসনের বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
এর আগে গত ৪ ডিসেম্বর বিকেলে নড়াইল-২ আসনের প্রার্থী হিসেবে সংবাদ সম্মেলনে মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঘোষণার ২০ দিন পর, ২৪ ডিসেম্বর, তার দলীয় মনোনয়ন প্রত্যাহার করে শরীক দলের নেতা এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি।
মনোনয়ন প্রত্যাহারের পর মো. মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক বরাদ্দ পান।
এদিকে নড়াইলের দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের প্রার্থী ও ছয়জন স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৬ জন প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীকে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের আব্দুল আজিজ, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস), লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন (ফুটবল), সুকেশ সাহা আনন্দ (ঘোড়া) ও মো. উজ্জ্বল মোল্যা (হরিণ) প্রতীক পেয়েছেন।
অন্যদিকে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর জেলা আমির আতাউর রহমান বাচ্চু, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মো. তাজুল ইসলাম, লাঙল প্রতীকে জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের মো. নূর ইসলাম এবং ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শোয়েব আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়াও নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ‘কলস’ এবং অপর স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ‘জাহাজ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।