রেলপথ অবরোধে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

image 30

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এই কর্মসূচি শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মাঝেও আন্দোলন অব্যাহত থাকে। এতে স্টেশনের দুই প্রান্তে ৬টি ট্রেন আটকা পড়ে এবং ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ফলে বড় ধরনের সিডিউল বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, অবরোধের কারণে ঢাকা ও উত্তরাঞ্চলগামী ৬টি ট্রেন আটকে আছে। এর মধ্যে রয়েছে—শরৎনগরে চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে একতা এক্সপ্রেস, জামতৈলে ধুমকেতু এক্সপ্রেস, ইব্রাহিমাবাদে রংপুর এক্সপ্রেস এবং পাবনার চাটমোহরে একটি তেলবাহী ট্রেন।

শিক্ষার্থীরা জানান, ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ২৬ জুলাই থেকে লাগাতার আন্দোলন চলছে। এর অংশ হিসেবে গত রবিবার হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ করা হয় এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু কোনো ইতিবাচক সাড়া না পেয়ে এবার রেলপথ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, ৯ বছর পার হলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি; এখনো ভাড়া ভবনে কার্যক্রম চলছে, যা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য চরম ভোগান্তির কারণ।

শিক্ষার্থীরা ডিপিপি অনুমোদনে বিলম্বের জন্য পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন। তারা ঘোষণা দেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনে বক্তব্য দেন সংগীত বিভাগের হৃদয় সরকার ও আব্দুল মমিন, অর্থনীতি বিভাগের সুজানা ও হাসান, সমাজবিজ্ঞান বিভাগের আবিদ, সৃষ্টি ব্যানার্জি ও সাদমান এবং ম্যানেজমেন্ট বিভাগের মুইজ।