
তুরস্ক বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রাষ্ট্রদূত বেরিস একিঞ্চি। তিনি বলেন, “তুরস্ক সবসময় শিক্ষা উন্নয়নে উৎসাহী এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বৃত্তি ও বিনিময় কর্মসূচি চালু রয়েছে।”
মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন তুরস্কের উপমন্ত্রী বেরিস একিঞ্চি।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত একিঞ্চি বলেন, “এটি আমার প্রথম বাংলাদেশ সফর।” তিনি বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন। একই সঙ্গে তিনি অধ্যাপক ইউনূসকে সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।