
আলোচিত বাংলাদেশি পর্ন তারকা যুগল অবশেষে সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) সিআইডির বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা বাংলাদেশে বসে আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘মডেল’ হিসেবে পরিচয় দিতেন এবং বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন।
গবেষণামূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করেন এবং বিপুল দর্শক ও অনুসারী সংগ্রহ করেন।
প্রতিবেদন আরও জানায়, যুগলটি শুধুমাত্র একটি ওয়েবসাইটে নয়, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও কনটেন্ট প্রকাশ করতেন। এছাড়া তারা টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামেও নিজেদের কার্যক্রম প্রচার করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল চালু হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন। সেখানে নতুন ভিডিওর লিংক এবং আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো।
অনুসন্ধানে আরও দেখা গেছে, তরুণদের এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার প্রলোভন দেখানো হতো। কিছু অনলাইন পোস্টে লেখা ছিল, ‘নতুন ক্রিয়েটর যুক্ত করুন, অর্থ উপার্জনের সুযোগ পান’—এমন বার্তা প্রদর্শন করা হতো।