
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর (Proportional Representation) নির্বাচনী পদ্ধতির মতো আরও ছয়টি পদ্ধতি রয়েছে। সব রাজনৈতিক দল যদি এ বিষয়ে একমত হয়, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব। এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে মনোনয়ন বাণিজ্য, কালো টাকার প্রভাব ও প্রভাবশালীদের আধিপত্য কমে আসবে। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ও জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের জন্য পিআর পদ্ধতির নির্বাচনই সবচেয়ে কার্যকর বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ—শহীদ আবরার ফাহাদ দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবরার ফাহাদের স্মৃতিচারণ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ সব সময় নামাজের জন্য সহপাঠীদের আহ্বান করতেন। তার ধর্মীয় অনুশীলন দেখে ছাত্রলীগের কিছু সদস্য তাকে শিবির সন্দেহে নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর আগে আবরার পানি চেয়েছিলেন, কিন্তু খুনিরা তা পর্যন্ত দেয়নি। পুরান ঢাকায় বিশ্বজিৎ দাসের হত্যার মতোই আবরারকেও নৃশংসভাবে হত্যা করা হয়।
তিনি বলেন, আবরার ফেসবুকে ভারতের সঙ্গে সরকারের ‘অবৈধ চুক্তি’ নিয়ে একটি সমালোচনামূলক স্ট্যাটাস দিয়েছিলেন—সেই কারণেই তাকে হত্যা করা হয়। দেশপ্রেমিক নাগরিক হিসেবে আবরার ভারতীয় আধিপত্যবাদ কখনো মেনে নেননি। আবরার ফাহাদ আজ আমাদের জন্য দেশপ্রেম ও ন্যায়বোধের প্রতীক হয়ে আছে।