
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি মামলায় সোনালী ব্যাংক পিএলসি’র ৯ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।
এই মামলাগুলোর অভিযুক্তদের তালিকায় রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ আরও অনেকে।
সোমবার (৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন সোনালী ব্যাংকের গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার, প্রিন্সিপাল অফিসার শরিফুল ইসলাম এবং সিনিয়র অফিসার (ক্যাশ) রিয়াদ মাহমুদ।
সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম।
প্রত্যেক কর্মকর্তা আলাদা মামলায় সাক্ষ্য দেওয়ায় তিন মামলায় সাক্ষীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।
উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি শেখ রেহানার বিরুদ্ধে মামলা করেন। এতে শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৫ জনকে আসামি করা হয়।
একই দিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া একই অভিযোগে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন, যেখানে শেখ হাসিনাসহ ১৬ জন আসামি করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ আরও দুইজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তিনি।
আরেক মামলায় দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান একই অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন, যেখানে শেখ হাসিনা, টিউলিপ ও রিজওয়ানা সিদ্দিকসহ ১৬ জন আসামি করা হয়। তিনিও তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।