
জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এর উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
রিট আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে। ইতিমধ্যেই ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী শরিফ উসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি।
সরকার কিছু প্রার্থীর জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও সাধারণ ভোটারদের সুরক্ষা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই রিটে লুণ্ঠিত সমস্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নিরাপদ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।