
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী (পিয়ন) শাহ্ আলম (৪৮) কে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন–২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় শাহ্ আলমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্র জানায়, বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনে এ ফাঁদ অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়, অবসর-পরবর্তী বকেয়া ভাতা ও পেনশনের কাগজপত্র প্রক্রিয়াকরণের নামে দীর্ঘদিন ধরে হয়রানি করে ঘুষ দাবি করে আসছিলেন শাহ্ আলম।
দুদকের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ জানান, অভিযুক্ত শাহ্ আলম প্রথমে মোট ৯০ হাজার টাকা দাবি করেন। এর মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে ৭০ হাজার টাকা নেওয়ার পর পুনরায় ২০ হাজার টাকা নগদ দাবি করেন। বুধবার সকালে নগদ টাকা গ্রহণের সময় দুদকের টিম তাকে অফিসের ড্রয়ার থেকে টাকাসহ আটক করে। এ সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয় এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগকারী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ বলেন, অবসরের পর ফাইল ট্রেজারিতে পাঠানোর নামে অফিস খরচ দাবি করে দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করা হচ্ছিল। বাধ্য হয়ে তিনি ব্যাংক চেকের মাধ্যমে ৭০ হাজার টাকা প্রদান করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এমসিএইচ) ডা. শামীমা আক্তার জানান, বিষয়টি তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।
অভিযানকালে তদারকিতে ছিলেন দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাঁশখালী থানার তদন্ত কর্মকর্তা।