
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তরে একটি পাহাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ও ক্রু সদস্যসহ সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা। নিহতদের মধ্যে একজন সংসদ সদস্য এবং আসন্ন নির্বাচনের একজন প্রার্থী রয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনার একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ১৫ জন আরোহীর সবাই প্রাণ হারান। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, তাদের ‘বিচক্রাফট ১৯০০’ মডেলের বিমানটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
পরে উত্তর কলম্বিয়ার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। বিমানটির যাত্রী তালিকায় ছিলেন দেশটির সংসদ সদস্য দিয়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।
এর আগে সাতেনা জানিয়েছিল, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তের কাছে অবস্থিত ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির। তবে নির্ধারিত সময়ের ১১ মিনিট আগেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, এনএসই ৮৮৪৯ নম্বর ফ্লাইটটি কুকুতা শহর থেকে ওকানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। কুকুতা শহরটি ওকানিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ওই ফ্লাইটে ১৩ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন।
দুর্ঘটনাস্থল পাহাড়ি হওয়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে। তবে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে এবং নিহতদের স্বজনদের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সেমানাকে দেওয়া সাক্ষাৎকারে নর্তে দে সান্তান্দের প্রদেশের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানান, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যে এলাকায় বিমানটি নিখোঁজ হয়েছিল, সেখানে উদ্ধার অভিযানে কলম্বিয়ার সশস্ত্র বাহিনী সহায়তা করছে। অঞ্চলটির কিছু অংশ কলম্বিয়ার সশস্ত্র গোষ্ঠী ইএলএনের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।
এ ছাড়া সংসদ সদস্য দিয়োজেনেস কুইন্তেরোর ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে এমন একজন মানুষ হিসেবে উল্লেখ করা হয়, যিনি সারা জীবন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।