জাতিসংঘে বিপুল ভোটে পাস হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব

image 54

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, বিপক্ষে ১০টি এবং বিরত ছিল ১২টি দেশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত অধিবেশনে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। ঘোষণায় একদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে, অপরদিকে গাজায় ইসরাইলের অবরোধ, বোমাবর্ষণ এবং মানবিক বিপর্যয়েরও সমালোচনা করা হয়েছে।

এতে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গাজায় চলমান সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়েছে।

তবে ইসরাইল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা দেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। ভোটের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন একে “বাস্তবতা থেকে বিচ্ছিন্ন রাজনৈতিক সার্কাস” বলে আখ্যা দেন, কারণ ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে হামাস এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে একে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। তারা আশা করছে, আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ সভায় কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ে এ নিয়ে ভিন্নমত রয়েছে, জাতিসংঘ জানিয়েছে তারা ঘোষণার বাস্তবায়নে অটল এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সব সদস্য রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছে।