নেপালের সংসদ ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা, প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

image 53

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে নেপালের রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। একইসঙ্গে আগামী বছরের ৫ মার্চ (২০২৬) নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বিষয়টি নিশ্চিত করেন।

সেদিন রাতেই সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে ছয় মাস মেয়াদি ছোট একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে। এই সময়ে তাদের প্রধান দায়িত্ব হবে নতুন নির্বাচন আয়োজন করা।

শপথের আগে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং জেন-জির আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে সবাই তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করার ব্যাপারে একমত হন। এর ফলে সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে জেন-জিদের বিক্ষোভ তীব্র আকার নেয়। গত সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়, এতে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। এর পর থেকেই আন্দোলন উত্তাল হয়ে ওঠে।

অবশেষে মঙ্গলবার আন্দোলনের চাপ সামলাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করে আত্মগোপনে যান। ওইদিন উত্তেজিত বিক্ষোভকারীরা সাবেক দুই প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর বাড়িতে হামলা চালান এবং অর্থমন্ত্রীকে প্রকাশ্যে মারধর করেন।

উল্লেখ্য, সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সুশীলা এক সাক্ষাৎকারে বলেছিলেন—ভারত নেপালকে সবসময় সহায়তা করেছে।