প্রবাসীদের ভোট আজ না পৌঁছালে বাতিলের আশঙ্কা

image 79

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে (৫ ফেব্রুয়ারি) দেশে পৌঁছানো না হলে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট না পৌঁছালে তা ভোট গণনার বাইরে রাখা হবে।

গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পোস্টাল ভোটের বিষয়ে বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এই আশঙ্কা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ভোটারকে অবহিত করা হচ্ছে যে ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোটের ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি সই করার পর সাদা ব্যালট খামসহ হলুদ খামের ভিতরে রেখে যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে না পৌঁছায়, তাহলে তা রিটার্নিং কর্মকর্তার কাছে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব গণ্য হবে। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না। তাই প্রবাসী ভোটারদের দ্রুত ব্যালট পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।