‘ধানের শীষে ভোট দিয়ে দেখাবো আমরা পাকিস্তান’

image 78

নাটোর-৩ সিংড়া আসনে ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর নির্বাচনী পথযাত্রায় দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শেরকোল এলাকায় পথসভায় সিংড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মালেক বলেন, “আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দিবো আমরা পাকিস্তান।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় ওঠে। অনেকেই বলছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্য অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বজ্ঞানহীন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করেছেন, এমন বক্তব্য নির্বাচনকালীন পরিবেশকে উত্তপ্ত করতে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তারা সকলকে দায়িত্বশীল ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সিংড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মালেক বলেন, বক্তব্য দেওয়ার সময় ভুলক্রমে ওই শব্দটি বের হয়ে গেছে।

তবুও বিষয়টি নিয়ে সিংড়াজুড়ে চায়ের দোকান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র চলছে আলোচনা ও সমালোচনা।