
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, পুলিশের টহলদারী দল বা অভিযানের সময় কেউ অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষার্থে সঙ্গে সঙ্গে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ আগস্ট বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার ও ডয়েচে ভেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঈশান মিস্ত্রির ঘাটে দুর্বৃত্তদের হামলায় উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা আহত হওয়ার পর মঙ্গলবার রাতে ওয়্যারলেস বার্তায় সিএমপির সব সদস্যকে এই মৌখিক নির্দেশ দেন কমিশনার।
ঘটনার সূত্রপাত হয় সোমবার দিবাগত রাতে, যখন বন্দর থানার সল্টগোলা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পেয়ে রানা ও আরও দুই পুলিশ সদস্য অভিযানে যান। একটি বাসায় তল্লাশির সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রানার মাথায় গুরুতর আঘাত করে। পরবর্তীতে যৌথবাহিনীর অভিযানে কিরিচ, ছুরি ও ধারালো অস্ত্রসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
হাসিব আজিজ আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগের অস্ত্র প্রাধিকার অনুযায়ী সিএমপির সদস্যরা এখন থেকে অস্ত্র বহন করবে। দ্য ডেইলি স্টার বিভিন্ন থানার পরিদর্শক ও এসআই পদমর্যাদার পাঁচ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছে।