
সাভার পৌরসভার পূর্ব জামসিং মহল্লায় পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তিনি এলাকাটি পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত পানি সরানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
গত ১১ আগস্ট ঢাকা পোস্টে ‘অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, সাভারে পানিবন্দি অর্ধশত পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
ইউএনও আবু বকর সরকার জানান, গণমাধ্যমে খবর প্রকাশের পরই পানিবন্দি মানুষের বিষয়টি তারা জানতে পারেন। স্থানীয়দের কষ্ট কমাতে তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এলাকাবাসীর উদ্দেশে তিনি আহ্বান জানান, “বাড়ি নির্মাণের সময় ন্যূনতম লেভেলিং মেনে চলুন, এতে ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসন সহজ হবে।”
পানি নিষ্কাশন কার্যক্রমে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনও উপস্থিত ছিলেন।