নর্থ সাউথে কুরআন অবমাননার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

image 85

গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির NAC-2 ভবনে অপূর্ব পাল নামের এক শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (৫ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “পবিত্র কুরআন মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়াতের জন্য নাজিল করেছেন। মুসলমানরা এ পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারে না। এমন ন্যক্কারজনক ঘটনা মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করার পাশাপাশি মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে।

আমরা অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনানুগ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এই ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “বাংলাদেশের মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তবে কখনও কখনও কিছু কুচক্রী মহল এই সম্প্রীতি নষ্ট করে দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। সাম্প্রতিক ঘটনাটিও এমন কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, তা গভীরভাবে তদন্ত করা জরুরি।”

তারা বলেন, “ধর্মীয় সহাবস্থান ও সামাজিক শান্তি রক্ষা করতে, বিশেষ করে কুরআন অবমাননা প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষা জোরদার করতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। বর্তমানে ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন যথেষ্ট কার্যকর নয়; তাই আরও কঠোর আইন প্রণয়ন জরুরি।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় মূল্যবোধ চর্চা ও রক্ষার জন্য বাস্তবসম্মত নীতি প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।”