
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরুর জন্য প্রাথমিক তদন্তের প্রস্তুতি চলছে।
চিফ প্রসিকিউটর বলেন, “মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল আগে থেকেই অভিযোগ দাখিল করেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি। বলা যায়, আমরা এখন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচার প্রক্রিয়ার জন্য প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “পুরোদমে তদন্ত শুরু হলে আমরা স্পষ্টভাবে বলতে পারব, দলটির বিচার প্রক্রিয়া কতদূর অগ্রসর হয়েছে। বর্তমানে আমরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করছি এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। চলতি মাসেই উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাওয়ার আশা করছি।”
তাজুল ইসলাম জানান, “বর্তমানে অনেকগুলো মামলার ট্রায়াল চলছে, বেশ কিছু মামলার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চার্জশিট ও ফরমাল চার্জ শিগগিরই দাখিল করা হবে।”
এদিকে, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আদেশ সোমবার দেওয়া হবে বলে জানা গেছে। কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিনটি অভিযোগে প্রসিকিউশন ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে।
অন্যদিকে, জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে। সেখানে তিনজন সাক্ষী জবানবন্দি দেবেন।
এছাড়া, একই সময় জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও চারজন আসামিকেও আজ আদালতে তোলা হয়েছে।