২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান

Rajshahi 69ca5bfab4ddb

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় মাত্র একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে, বাকিদের নমুনায় হাম ধরা পড়েনি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩০ শিশুর মধ্যে একজন পজিটিভ ছিল, আর ২৯ জনের নমুনা পরীক্ষা করেও হাম শনাক্ত হয়নি।

তিনি জানান, আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুটি ওয়ার্ডেই আলাদা করে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা বাড়ানো হবে।

ডা. সাহিদা ইয়াসমিন আরও বলেন, আক্রান্ত শিশুদের প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে, যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। এক বছরের বেশি বয়সী আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম।

এ সময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২,৫০০ থেকে ৩,৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে তিনি উল্লেখ করেন।