নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের তরুণ কৃষক ইমরান হোসাইন তার কৃষি জমিতে দেশপ্রেমের এক অনন্য শিল্প ফুটিয়ে তুলেছেন। প্রায় ৪৫ শতক জায়গা জুড়ে তিনি ধানের শীষে বাংলাদেশের জাতীয় পতাকার জীবন্ত প্রতিরূপ তৈরি করেছেন। দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজ মাঠে লাল সূর্যের প্রতীক নিয়ে একটি বিশাল পতাকা বাতাসে উড়ছে; তবে এটি কাপড় নয়, ধান চাষের মাধ্যমে নির্মিত এক নিপুণ সৃষ্টি।

কৃষক ইমরান হোসাইনের কাছে কৃষি কেবল জীবিকার মাধ্যম নয়, এটি দেশপ্রেম প্রকাশের একটি পথও। এই ভাবনা থেকেই তিনি তার জমিতে পতাকার নকশা তৈরি করেন। পতাকার সবুজ অংশে ব্যবহার করা হয়েছে পাকিস্তানি লং বাসমতি ধানের চারা, আর লাল সূর্যের প্রতীক ফুটাতে রোপণ করা হয়েছে বেগুনি রঙের পারপোল রাইস।

ইমরান হোসাইন বলেন, “দেশকে ভালোবাসা শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রকাশ পেলে তা হৃদয়ে পৌঁছে যায়। আমার এই জমি শুধু ফসলের নয়, এটি মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।”

তার ব্যতিক্রমী উদ্যোগ রশিদপুর গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে এসে ছবি তোলেন, ভিডিও করেন এবং সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ফলে এলাকায় এক ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কৃষি শুধু জীবিকার মাধ্যম নয়, সৃজনশীলতারও প্রকাশ।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম বলেন, “ইমরানের এই কাজ দেশপ্রেমের পাশাপাশি কৃষি উদ্ভাবনেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করবে এবং দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেবে।”

দেশপ্রেম, সৃজনশীলতা ও কৃষির অপূর্ব সমন্বয়ে ইমরান হোসাইন দেখিয়েছেন যে, ভালোবাসা প্রকাশের ভাষা শুধু কবিতা বা গানে সীমাবদ্ধ নয়—ধানের শীষেও ফুটে উঠতে পারে এক পতাকার গল্প, এক মাতৃভূমির প্রতি শ্রদ্ধাঞ্জলি।