অনেক রোগীর ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা প্রথম বা একমাত্র লক্ষণ হিসেবে মানসিক উপসর্গ প্রকাশ পেতে পারে। উদ্বেগ, বিষণ্নতা বা মানসিক ক্লান্তি—এই উপসর্গগুলো থাইরয়েডের অস্বাভাবিকতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ডা. শাহজাদা সেলিম লিখেছেন, থাইরয়েডগ্রন্থি শরীরের বিপাকক্রিয়া, শক্তি উৎপাদন ও মানসিক স্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট প্রজাপতি আকৃতির এই গ্রন্থি গলায় অবস্থান করে এবং টি৩ ও টি৪ হরমোন তৈরি করে, যা দেহের প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গ ও মস্তিষ্কের কার্যকলাপে প্রভাব ফেলে।

অনেকে ভাবেন, থাইরয়েডের অস্বাভাবিকতা কেবল শারীরিক প্রতিক্রিয়া তৈরি করে। কিন্তু মানসিক ও আবেগীয় পরিবর্তনও দেখা দিতে পারে। থাইরয়েড হরমোন নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন, ডোপামিন ও নরএড্রেনালিনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। এই ভারসাম্য নষ্ট হলে বিষণ্নতা, উদ্বেগ বা মানসিক ক্লান্তি দেখা দেয়।

হাইপোথাইরয়েডিজম
যখন থাইরয়েড হরমোনের উৎপাদন কমে যায়, তখন হাইপোথাইরয়েডিজম হয়। এতে দেহের বিপাকক্রিয়া কমে যায় এবং মানসিক স্থিতিও ধীর হয়ে যায়। রোগীরা প্রায়ই ক্লান্তি, মন খারাপ ও বিষণ্নতার কথা জানান। সাধারণ উপসর্গগুলো হলো:

  • বিষণ্নতা বা ডিপ্রেশন: মনমরা ভাব, নিদ্রাহীনতা, আগ্রহহীনতা, আত্মবিশ্বাসের ঘাটতি।
  • মনোযোগ ও স্মৃতিশক্তি হ্রাস: চিন্তাশক্তি কমে যাওয়া বা কগনিটিভ স্লোয়িং।
  • সামাজিক বিচ্ছিন্নতা: দীর্ঘমেয়াদি বিষণ্নতার কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন বোধ।

যথাযথ থাইরক্সিন থেরাপির মাধ্যমে মানসিক উপসর্গগুলো ধীরে ধীরে কমে আসে। দীর্ঘস্থায়ী রোগীদের জন্য মানসিক চিকিৎসা ও কাউন্সেলিং প্রয়োজন হতে পারে।

হাইপারথাইরয়েডিজম
হাইপারথাইরয়েডিজম হলো হাইপোথাইরয়েডিজমের উল্টো। এখানে থাইরয়েড হরমোন অতিরিক্ত উৎপাদিত হয়। এতে দেহের বিপাকক্রিয়া ও মস্তিষ্কের কার্যকলাপ অতি দ্রুতগতিতে হয়। এর ফলে দেখা দেয় মানসিক সমস্যার মতো উপসর্গ:

  • উদ্বেগ ও অস্থিরতা: সহজে উত্তেজিত হওয়া, হৃৎকম্পন, রাতের ঘুম কমে যাওয়া।
  • ইরিটেবিলিটি ও মুড সুইং: হঠাৎ রেগে যাওয়া বা কান্না করা, আবেগের ওঠানামা।
  • সাইকোসিস বা বিভ্রান্তি: তীব্র হাইপারথাইরয়েড অবস্থায় বিভ্রম বা হ্যালুসিনেশন দেখা দিতে পারে।

অ্যান্টিথাইরয়েড ড্রাগ, রেডিওআইডিন বা সার্জারির মাধ্যমে এই মানসিক উপসর্গগুলো কমে যায়। প্রয়োজন হলে মানসিক কাউন্সেলিং ও থেরাপিও করা হয়।

চিকিৎসা ও ব্যবস্থাপনা

  • মানসিক উপসর্গ দেখা দিলে থাইরয়েডজনিত কিনা তা পরীক্ষা করা জরুরি।
  • থাইরয়েডের চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা ও কাউন্সেলিং প্রয়োজন।
  • উদ্বেগ বা বিষণ্নতা থাকলে থাইরয়েড ফাংশন টেস্ট করানো আবশ্যক।
  • প্রয়োজনে অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধ ব্যবহারের সুপারিশ চিকিৎসক নির্ধারণ করবেন।
  • পরিবার ও সামাজিক সহায়তা রোগীর পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপসংহার: থাইরয়েড শুধু শারীরিক নয়, এটি একটি মানসিক ও শারীরিক রোগ। চিকিৎসকদের উচিত প্রতিটি থাইরয়েড রোগীর মানসিক স্বাস্থ্যও মূল্যায়ন করা, যাতে রোগী পূর্ণাঙ্গ সুস্থতা অর্জন করতে পারে।