
ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :
মুন্সিগঞ্জের সদর উপজেলার মিরকাদিমে একটি ফার্মে ১১টি ভেড়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দুটি অন্তঃসত্ত্বা, চারটি বাচ্চা এবং পাঁচটি পূর্ণবয়স্ক ভেড়া নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টার পর মিরকাদিম পৌরসভার গোয়ালঘূর্নী এলাকায় বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড বিফ ফেটেনিং নামক ফার্মে।
ফার্মটির দেখভালের দায়িত্বে থাকা মো. মামুন জানান, তিনি তিন বছর ধরে এখানে কাজ করছেন। তিনি সন্দেহ করছেন যে, ফার্মের পাশেই স্থানীয় কিছু মাদকসেবী আড্ডা দিতো এবং মাদক সেবন করতো। তারা যখন তাদের নিষেধ করেছিল, তখন তারা ক্ষিপ্ত হয়ে এমন নৃশংস হামলা চালাতে পারে।
মামুন আরও বলেন, “শনিবার রাত দুইটার দিকে কুকুরের ডাকাডাকির শব্দে আমি ঘুম থেকে উঠেছিলাম। তখন সবকিছু ঠিক ছিল, কিন্তু সকালে উঠে দেখলাম ভেড়াগুলো মৃত অবস্থায় পড়ে রয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল এবং রক্ত ঝরছিল।”
বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড বিফ ফেটেনিং-এর মালিক মো. আশিক জানিয়েছেন, তার কারও সঙ্গে শত্রুতা নেই এবং তিনি জানেন না কেন এমন নৃশংস ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানিয়েছেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। তিনি আরও বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/হ্যাভেন টিভি ডট প্রেস
