নিরাপত্তাজনিত কারণে ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ

image 26

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। এ বিষয়ে রোববার (১ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত একদিন ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ১০ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত টানা তিনদিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন, সংবাদপত্র বহনকারী যান, অনুমোদনপ্রাপ্ত সাংবাদিক ও পর্যবেক্ষক, প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নির্ধারিত যানবাহন এবং নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এছাড়া প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।