মসজিদে ঢুকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৮

web 2

মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদের ভেতরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেওলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদে এই হামলা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাগরিবের নামাজশেষে একটি জানাজায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মোমিন আলী দয়হাটা এলাকায় যান। জানাজার আগে মসজিদে মাগরিবের নামাজ আদায়কালে ২০–৩০ জন তাদের পথরোধ করে। পরে মীর সরফত আলী সপু ও মোমিন আলী মোটরসাইকেলে মসজিদে পৌঁছালে তাদের কর্মীদের ওপর সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মীর সরফত আলী সপু বলেন, “আমি নামাজে ছিলাম। হঠাৎ খবর পাই আমাদের কর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। কর্মীরা মসজিদে আশ্রয় নিলেও হামলাকারীরা অস্ত্রের মুখে মসজিদে ঢুকে অতর্কিত আক্রমণ চালায়।”
তিনি আরও জানান, প্রশাসনের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।