মোল্লাহাটে তিন বান্ধবীকেশ্লীলতাহানি, একজনকে ধ’র্ষ’ণ

image 316

বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে এসে তিন বান্ধবী শ্লীলতাহানি এবং তাদের মধ্যে একজনকে ধর্ষণের শিকার হতে হয়েছে—এমন অভিযোগে চার যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ভুক্তভোগীদের এক তরুণী মোল্লাহাট থানায় এ মামলা করেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে।

অভিযোগসূত্রে জানা যায়, খুলনা থেকে এক তরুণী দুই বান্ধবীকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে তারা ব্যাগ রেখে গ্রামের ভেতর হাঁটতে বের হন। সন্ধ্যার দিকে তারা নাশুখালী এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠলে সেখানে থাকা চার যুবক তাদের পরিচয় জানতে চান। পরিচয় জানার পর যুবকরা অশোভন প্রস্তাব দিলে তিন তরুণীই আপত্তি জানান। এরপর যুবকেরা জোরপূর্বক তিনজনকে শ্লীলতাহানি করে।

একপর্যায়ে একজন তরুণী নিচে নেমে চিৎকার করলে অভিযুক্তরা বাকি দুইজনের মুখ চেপে ধরে ভবন থেকে নামিয়ে পাশের একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। সেখানে একটি ঘরে এক তরুণীকে ধর্ষণ এবং অন্যজনকে শ্লীলতাহানি করা হয়।

চিৎকার শুনে স্থানীয়রা খোঁজ শুরু করেন এবং রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করেন। উপস্থিত লোকজন টের পাওয়ায় অভিযুক্ত চার যুবক পালিয়ে যায়।

মোল্লাহাট থানার ওসি মো. ফজলুল হক জানান, তিন তরুণীকে নির্যাতন এবং একজনকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।