রানওয়েতে মুখোমুখি বিপদ, দুই বিমানের ডানায় ধাক্কা

image 71

ভারতের মুম্বাই বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী দুই বিমানের ডানায় ধাক্কার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেলেও দুই বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষে জড়িত বিমান দুটি হলো এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজ।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ২৭৩২ এবং ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৭৯১–এর ডানার ধাতব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই দুই বিমানকে পার্কিং বে-তে ফিরিয়ে এনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়।

ডিজিসিএর বিবৃতিতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর বিমানটি রানওয়েতে ঘোরার সময় দুই বিমানের ডানা পরস্পরের সঙ্গে লেগে যায়।

ইন্ডিগোর এক মুখপাত্র জানান, সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং বিমান পার্ক করার পর তাদের নামিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিমানটি রক্ষণাবেক্ষণসংক্রান্ত পরিদর্শনের আওতায় রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেটিকে গ্রাউন্ডেড করা হয়েছে। সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে এবং গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থার কাজ চলছে।