
নারায়ণগঞ্জ থেকে গাজীপুর সিটি করপোরেশনের প্রায় ১০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নির্বাচনী কর্মকর্তাদের সিলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে বস্তাভর্তি এসব এনআইডি কার্ড পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান বাবু জানান, তিনি স্টেডিয়াম এলাকার একটি স-মিল নির্মাণ করছেন। সেখানে ময়লা ফেলা নিষেধের প্রচারণা চালিয়ে আসছিলেন। এর মধ্যেই সন্ধ্যায় একটি সাদা মাইক্রোবাসে কয়েকজন এসে কয়েকটি বস্তা ফেলে যায়। সন্দেহ হওয়ায় স্থানীয়রা কাছে গিয়ে বস্তা খুলে ভেতরে এনআইডি কার্ড দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়। এরপর নির্বাচন অফিসের কর্মকর্তারা এসে উদ্ধারকৃত সামগ্রী শনাক্ত করেন। এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দাদের প্রায় ১০ হাজার এনআইডি কার্ড এবং নির্বাচনী কর্মকর্তাদের সিল ছিল। পরে থানায় জিডি করে এগুলো নির্বাচন অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।