
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দেশের গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই এবং তারা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে।
সোমবার (২০ অক্টোবর) বিকালে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন যে, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য পরিকল্পনা প্রণয়ন করছে এবং নির্বাচনের সময়সূচি নির্ধারিত থাকবে।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন বা অন্য কোনো মাধ্যমে মিডিয়ায় চাপ দেওয়া হচ্ছে না। সাংবাদিকরা স্বতন্ত্রভাবে সংবাদ পরিবেশন ও সরকারের সমালোচনা করতে সক্ষম।
বৈঠকে রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবিরও উপস্থিত ছিলেন।