
বিইউপির ছাত্রী ধর্ষণ মামলা: প্রধান আসামি সোহেল রোজারিওর তিন দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রোজারিওর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. আ. ওয়াহাব আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে গতকাল মিঠু বিশ্বাস নামের অন্য এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরার পথে সোহেল রোজারিও তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিছুদূর যাওয়ার পর অন্য দুই আসামি তার সঙ্গে যোগ দেন এবং তাকে অনুসরণ করতে থাকেন। পরে সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও ছাত্রীকে নিজের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় আরও দুইজন সহযোগিতা করেন। এছাড়া ধর্ষণের বিষয় কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ছাত্রী ১৬ অক্টোবর সাভার মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাসকে আসামি করা হয়েছে।