আফগানিস্তানে স্বর্ণ খনিতে সংঘর্ষে বহু নিহত

image 63

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সোনা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত এবং নিহত হয়েছেন বলে মঙ্গলবার এএফপিকে জানিয়েছেন তালেবান সরকারের এক কর্মকর্তা। এর আগে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এই সহিংসতায় একাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান জানান, তাখার প্রদেশের চাহ আব জেলায় একটি স্বর্ণখনি উত্তোলনকে কেন্দ্র করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মানবিক ও আর্থিক উভয় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তের জন্য মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধিদল চাহ আব প্রেরণ করা হয়েছে। তবে কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাননি যে, কেউ নিহত হয়েছেন কি না বা সহিংসতা ঠিক কখন শুরু হয়।

একজন স্থানীয় বাসিন্দা এএফপিকে জানান, অন্য প্রদেশ থেকে আসা খনি শ্রমিকদের ‘উত্ত্যক্ততার’ কারণে সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের পানীয় জল সরবরাহ করা এলাকা খনি শ্রমিকরা ধ্বংস করায় উত্তেজনা আরও বেড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা উদ্বেগের কারণে তিনি বলেন, “স্থানীয়রা পাথর ও লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে।” তিনি আরও জানিয়েছেন, সংঘর্ষে একাধিক মানুষ নিহত হয়েছে এবং এর পর খনি শ্রমিকরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

সোনা ছাড়াও আফগানিস্তানে মার্বেল, খনিজ, রত্নপাথর ও কয়লা খনন করা হয়। ২০১০ এবং ২০১৩ সালের যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী, আফগানিস্তানের পাথুরে ভূপ্রকৃতির নিচে চাপা থাকা তামা, লিথিয়ামসহ নানা সম্পদের মোট মূল্য প্রায় এক ট্রিলিয়ন ডলার।

তালেবান সরকার দেশের নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে। বিদেশি সাহায্য কমে যাওয়ায় দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং ভূগর্ভস্থ সম্পদ ব্যবহার করে গুরুত্বপূর্ণ রাজস্বধারা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে তারা।