
চাঁদপুরের বিপনীবাগ বাজারে গরুর মাংসে হাড় বেশি দেওয়াকে কেন্দ্র করে কসাই ও ক্রেতার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি বাহার মিয়া।
ক্রেতা এমদাদ প্রধানীয়া জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি স্ত্রী ও স্বজনদের নিয়ে বিপনীবাগ বাজারের কসাই সোহেলের দোকান থেকে চার কেজি গরুর মাংস কেনেন, প্রতি কেজি ৬৫০ টাকায়। কিন্তু সোহেল মাংসের সঙ্গে গোপনে প্রায় দুই কেজি চর্বি ও হাড় মিশিয়ে দেন। বিষয়টি বুঝতে পেরে তিনি প্রতিবাদ করলে সোহেল তাঁকে ধাক্কা দেন, এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় এমদাদের ছেলে শাহজালাল জুয়েল এগিয়ে আসলে সাগর বকাউলসহ আরও কয়েকজন তাঁদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জুয়েলসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।
আহত আহাদ বলেন, “আমি চাপাতির কোপ থেকে বাঁচতে গিয়ে হাত ও মুখে আঘাত পাই। রাহিম হোসেন নামের একজনকে ছুরি মেরে আহত করা হয়। এমনকি কসাই দলের কয়েকজন নারী সদস্যদের ওপরও হামলা চালায় ও শ্লীলতাহানির চেষ্টা করে।”
জুয়েল আরও জানান, “হামলার সময় আমাদের এক নারী আত্মীয়ের গলা থেকে প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকার সোনার চেইন ছিনিয়ে নেয় তারা। পরে বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আমাদের হাসপাতালে ভর্তি করে।”
অন্যদিকে আটক সোহেল ও তাঁর সহযোগীরা অভিযোগ অস্বীকার করে বলেন, “মাংসে কিছু হাড় থাকায় ক্রেতা ক্ষুব্ধ হয়ে ঝগড়া শুরু করেন। কারও টাকা বা সোনা নেওয়া হয়নি, নারীদের গায়েও হাত দেওয়া হয়নি।”
ওসি বাহার মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”