আগামী বছরের রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

image 53

আগামী বছরের রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

প্রাথমিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। অর্থাৎ রমজান শুরু হতে এখনও ১৩৮ দিন বাকি। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি এই তথ্য জানিয়েছে।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের সময় উদিত হবে। তবে সেই দিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর চাঁদ অস্ত যাওয়ায় সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। এজন্য রমজান ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল।

রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বাড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। দিনের দৈর্ঘ্য শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে মাস শেষে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা ১৬°সে. থেকে ২৮°সে. এর মধ্যে থাকবে, যা উত্তর গোলার্ধের শীতের প্রভাব বহন করবে। মাসের শেষে তাপমাত্রা ১৯°সে. থেকে ৩২°সে. পর্যন্ত বাড়তে পারে, সঙ্গে থাকবে বসন্ত ঋতুর হাওয়া ও পশ্চিমা বাতাস।

ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাস জুড়ে আবুধাবিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার অতিক্রম করতে পারে, যা সাধারণ মৌসুমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।