
সোমবার (২১ জুলাই) ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত সরকারি হিসেবে ২৯ জনের মৃত্যু ও ৬৯ জন আহত হয়েছেন। তবে আইএসপিআরের দেওয়া তথ্যে নিহতের সংখ্যা ৩১ জন বলে জানানো হয়েছে।
নিহতদের মধ্যে সাত জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিভিন্ন হাসপাতাল ও জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৫৭ জন। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনার প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে সতর্ক করেছে আইএসপিআর।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় হায়দার আলী একাডেমিক ভবনে ২০০–২২০ জন শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
স্কুল কর্তৃপক্ষ আহত–নিহত–নিখোঁজদের সঠিক তথ্য যাচাইয়ে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার পর্যন্ত পাঁচজন নিখোঁজ—তিনজন ছাত্রী ও দুই অভিভাবক—বলে স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ১টা ১২ মিনিটে বিমানটি স্কুল ভবনে আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষকরা জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ‘মেঘ’ ও ‘স্কাই’ ক্লাসরুম, যেখানে মোট ৭০ জন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।