দুর্বৃত্তের আঘাতে যাত্রাবাড়ীতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রোববার রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, নিহত মাহিম কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করত সে।

নিহতের ভগ্নিপতি মো. রাফি বলেন, ‘রোববার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তবে কী কারণে তাকে আক্রমণ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।