জাতীয় ভোটে ব্যর্থ, এবার মেয়র পদে লড়াইয়ে মেঘনা আলম

41541 699204a214dbd

জাতীয় নির্বাচনে জামানত হারিয়েও এবার মেয়র নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। ঢাকা-৮ আসন থেকে ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পান ৬০৮ ভোট, যার ফলে জামানত হারাতে হয়। তবে নির্বাচনের ফল ঘোষণার এক দিনের মধ্যেই তিনি জানান, আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন।

এক বিবৃতিতে মেঘনা বলেন, এটি তার যাত্রার শেষ নয়, বরং দীর্ঘ রাজনৈতিক পথচলার শুরু। তিনি দাবি করেন, গত ১১ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে তার জাতীয় রাজনীতিতে অভিষেক হয়েছে। এখন তিনি মেয়র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

নিজের নির্বাচনী প্রচারণা সম্পর্কে তিনি জানান, তার কোনো বিলবোর্ড, বড় ক্যাম্প বা ব্যয়বহুল প্রচার ছিল না। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত প্রচারণাও করেননি। মাত্র তিন দিন এলাকায় হেঁটে মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন বলে জানান তিনি।

মেঘনার ভাষ্য, তার পাওয়া ৬০৮ ভোট এসেছে সততা ও মানুষের সঙ্গে সরাসরি সংযোগের ফল হিসেবে। তিনি বলেন, অন্যরা মাসের পর মাস প্রচারণা চালিয়েও যে স্বীকৃতি পান না, তিনি তা সীমিত সময় ও শূন্য খরচে পেয়েছেন। সময় ও অর্থ পেলে সেই ভোট ৬০৮ থেকে ৬০ হাজারেও পৌঁছাতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, তার দল গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে সমন্বয়ে নির্বাচনে অংশ নিলেও তিনি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে বিএনপির পোলিং এজেন্টের সহায়তা নেননি।

সবশেষে মেঘনা বলেন, রাজনীতি অর্থ বা আড়ম্বরের বিষয় নয়; এটি সাহস ও মানুষের প্রতি ভালোবাসার জায়গা। যে নারী ভয় পেয়ে থেমে যায় না, তাকে থামানো যায় না—এমন আত্মবিশ্বাসী বার্তাও দেন তিনি।