বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছাল আফগান কিশোর

image 158

রোববার সকালে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। মাত্র ১৩ বছর বয়সী এক আফগান কিশোর কাবুল থেকে দিল্লিগামী কেএএম এয়ার-এর ফ্লাইট আরকিউ-৪৪০১-এর ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ভারত পৌঁছে যায়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) অবতরণের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

কাবুল বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেঙে কিশোরটি বিমানে ওঠে বলে সরকারি সূত্রে জানা গেছে। প্রায় দুই ঘণ্টার ফ্লাইট শেষে সকাল ১১টার দিকে দিল্লিতে নামার পর তাকে বিমানের চারপাশে ঘোরাঘুরি করতে দেখে কর্মীরা নিরাপত্তা বাহিনীকে খবর দেন। পরে জানা যায়, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা।

এয়ারলাইন কর্মীরা কিশোরটিকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর হাতে তুলে দেয়। টার্মিনাল-৩ এ জিজ্ঞাসাবাদে সে জানায়, কেবল কৌতূহল থেকেই সে বিমানে উঠেছিল, ঝুঁকির ব্যাপারে সে কিছুই জানত না। পরে তাকে একই ফ্লাইটে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে। দুপুর ১২টা ৩০ মিনিটে বিমানটি দিল্লি থেকে উড্ডয়ন করে।

তল্লাশিতে বিমানের ল্যান্ডিং গিয়ার থেকে একটি ছোট লাল রঙের স্পিকার উদ্ধার করা হয়, তবে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু মেলেনি। এই ঘটনা দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে নজরদারি আরও জোরদার করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।