
পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে পূর্ণ ন্যায়বিচারের দাবি জানিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এক বিক্ষোভ মিছিল থেকে তারা এ দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, শনিবার সকালে ক্যাম্পাসে অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পাল যে নিন্দনীয় কর্মকাণ্ড করেছে, তা আমাদের ধর্মীয় অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে, তিনি পবিত্র কোরআনের অবমাননা করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর প্রাথমিকভাবে কয়েকজন কর্মকর্তা অপূর্ব পালকে নিরাপদে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন, যা শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। পরে শিক্ষার্থীদের কঠোর আন্দোলন ও পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আপাতত তাদের সব দাবি মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে অভিযুক্তের স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। তবে তারা স্পষ্ট করে বলেন, যেসব কর্মকর্তা অপূর্ব পালকে নিরাপদ প্রস্থান করতে সহায়তা করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
প্রশাসনের পক্ষ থেকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলেন, এ ঘটনা শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয়, বরং ধর্মীয় মর্যাদা ও ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে ক্যাম্পাসে সম্মান, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।