
ভারতের অমৃতসর থেকে যুক্তরাজ্যের বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ বিমানে উড্ডয়নের মাঝপথে আবারও ত্রুটি দেখা দিয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) ফ্লাইটটির চূড়ান্ত অবতরণ পর্যায়ে এ সমস্যা দেখা দেয়। তবে পাইলটের দক্ষতা ও বিমানটির অন্যান্য সিস্টেম স্বাভাবিক থাকায় তা নিরাপদে বার্মিংহাম বিমানবন্দরে অবতরণ করে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে জানানো হয়, বিমানের জরুরি শক্তি উৎপাদনকারী যন্ত্র ‘র্যাম এয়ার টারবাইন’ (র্যাট) হঠাৎ সক্রিয় হয়ে যায়। সাধারণত বিমানের উভয় ইঞ্জিন বা বৈদ্যুতিক ও হাইড্রোলিক সিস্টেম সম্পূর্ণ বিকল হলে র্যাট সক্রিয় হয়। এটি বাতাসের গতিশক্তি ব্যবহার করে জরুরি বিদ্যুৎ উৎপাদনের কাজ করে।
ঘটনার পর বিমানটি পরীক্ষা-নিরীক্ষার জন্য মাটিতে নামানো হয়েছে এবং বার্মিংহাম-দিল্লি ফিরতি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। তবে বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা প্রকাশ করেনি এয়ার ইন্ডিয়া।
এর আগে চলতি বছরের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ বিমান দুর্ঘটনায় পড়ে ২৬০ জন যাত্রী নিহত হন। প্রাথমিক তদন্তে ওই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ইঞ্জিন, বৈদ্যুতিক বা সফটওয়্যার ত্রুটিকে দায়ী করা হয়।