সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলন: কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় চার দফা কর্মসূচি

image 221

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন নতুন চার দফা কর্মসূচি ঘোষণা করে শেষ হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ সম্মেলনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা অংশ নেন।

মঞ্চ থেকে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী চার দফা কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করা হলে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের মাধ্যমে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ঘোষিত চার দফা কর্মসূচি

  1. আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আলেম-ওলামা ও তৌহিদি জনতার গণস্বাক্ষর সংগ্রহ।
  2. মে–জুন মাসে দেশের প্রতিটি জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান।
  3. জুলাই–নভেম্বর পর্যন্ত প্রতিটি বিভাগে বিভাগীয় খতমে নবুওয়ত সম্মেলন আয়োজন।
  4. দাবি পূরণ না হলে ডিসেম্বর মাসে প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর প্রতি আস্থা-বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা হবে। দায়িত্ব পেলে খতমে নবুওয়ত কমিটির দাবির বিষয়ে আইনি ব্যবস্থা নিতেও বিএনপি প্রস্তুত।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। এ বিষয়ে মুসলিম বিশ্বে কোনো মতভেদ নেই বলেও তিনি দাবি করেন।

মাওলানা আবদুল হামিদের (পীর সাহেব, মধুপুর) সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে পাকিস্তান, ভারত, সৌদি আরব, মিসরসহ বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমরা বক্তব্য রাখেন। দেশীয় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বেফাক ও আল হাইয়াতের শীর্ষ নেতারা।