জামিন চেয়ে খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবার ছবি দেখালেন আইনজীবী

image 80

আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

দুপুরে আফ্রিদিকে আদালতে আনা হয়। বিকেলে শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আফ্রিদির আইনজীবী খায়রুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চান। তিনি যুক্তি দেন, মামলার বাদী অ্যাফিডেভিট দিয়ে স্বীকার করেছেন যে তথ্যগত ভুলে আফ্রিদির নাম আসামির তালিকায় এসেছে। এছাড়া আফ্রিদির কিডনির সমস্যা আছে এবং তার স্ত্রী গর্ভবতী—এসব বিবেচনায় জামিন প্রার্থনা করা হয়।

শুনানির সময় আইনজীবী আদালতে খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর একটি ছবিও উপস্থাপন করেন এবং দাবি করেন, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তিনি শুধু ব্যবসায়ী।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানায়, আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সরকারদলীয় সংগঠনের সদস্যদের আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দিয়েছেন। এজন্য তার রিমান্ড প্রয়োজন।

সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে এজলাস থেকে বের হওয়ার সময় আফ্রিদিকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত হন আসাদুল হক বাবু। এ ঘটনায় তার বাবা ৩০ আগস্ট মামলা করেন। মামলায় আফ্রিদি ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি।