
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার এজাহারনামীয় আসামি তিনি। রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন আদালতে বলেন, আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে নগ্ন ভিডিও ধারণ করে রাখতেন তৌহিদ আফ্রিদি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ, অবশেষে বরিশাল থেকে তাকে আটক করা সম্ভব হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীর পাকা রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আসাদুল হক বাবু। বাবুর বাবা জয়নাল আবেদীন এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এতে নাসির উদ্দিনকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়।
এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে সিআইডি। পরে আদালত তারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।